রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ।
দুপরে এক সংবাদ সম্মেলনে ডিসি হারুন বলেন, এ মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫ জন ১৬৪ ধারায় জবানবন্দিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের নাম বলেছে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: পরকীয়ার কারণে খুন হলেন অভিনেতা
৯ নভেম্বর সকালে আদাবরের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম নিহত হন। এ ঘটনায় পরদিন রাতে তার বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এক সন্তানের জনক আনিসুলের বাড়ি গাজীপুরে। সর্বশেষ আনিসুল করিম বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
