গাজীপুর প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো। মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনব। আমি নিজে দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে দেব না। কোনো রকমের অনিয়ম ও দুর্নীতি প্রশ্রয় দেব না। তিনি মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর -২ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হারিজ উদ্দিন প্রমুখ। প্রতিমন্ত্রী আরো বলেন, গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে উন্নীত করা হবে। গাজীপুরে যুব কমপ্লেক্স ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে ক্রীড়া ক্ষেত্রে প্রভূত উন্নয়ন ঘটানো হবে।
ডুয়েটে জ্বালানি বিষয়ক সেমিনার
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘এনার্জি ল্যাব’ এবং ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারের বিদ্যুত্ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
