টানা আটদিন শ্রমিকদের আন্দোলন-বিক্ষোভের পর আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়ায়। গতকাল মঙ্গলবার শিল্পাঞ্চলের পরিস্থিতি ছিল পুরোপুরি শান্ত। সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করতে দেখা গেছে।
শ্রমিক অসন্তোষের মুখে ছুটি ঘোষণা করা কারখানাগুলোতে শ্রমিকদের পদচারণায় ফিরেছে পূর্বের কর্মপরিবেশ। প্রতিটি তৈরি পোশাক কারখানায় উত্পাদন হয়েছে পুরোদমে। কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল থেকেই পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদেরকে কাজে যোগদানের জন্য মাইকিং করা হয়। এছাড়া কয়েকটি কারখানার সামনে ‘নো ওয়ার্ক-নো পে’ লেখা নোটিশ ঝুলতে দেখা যায়। তবে শিল্প এলাকার প্রতিটি কারখানার সামনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এনভয় কারখানার শ্রমিক শিল্পী আক্তার জানান, আমরা কাজ করেই বেতন নিতে চাই, আমরা কোন প্রকার আন্দোলন চাই না। তবে অপারেটরদের চেয়ে হেলপারদের বেতন তুলনামূলক বেশি হবে এটা মানা যায় না।
এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সকালে আশুলিয়া এলাকায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সব কারাখানা খুলে গেছে। শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তিনি আরো বলেন, শ্রমিক অসন্তোষে ইন্ধন দিয়েছেন এমন কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অনেকেই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন। তাদেরকে আমরা নজরদারিতে রেখেছি। শিল্পাঞ্চলে যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। কোন নিরীহ শ্রমিক যাতে হয়রানির শিকার না হয়, সে দিকেও আমরা খেয়াল রাখছি।
শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান জানান, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত। সকল পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও কোন শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে এখনও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
