প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি চক্রের ৬ জন গ্রেফতার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০০:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর হুবহু জাল করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত এ ৬ জনের মধ্যে তিনজনকে গত বছরের ২৯ নভেম্বর এবং বাকি তিনজনকে গত সোমবার রাতে গ্রেফতার করা হয়। ২৯ নভেম্বর গ্রেফতার তিনজন হচ্ছেন, মো. হেলাল উদ্দিন (৫৫), মো. এনামুল হক (৪৮), নাজমুল হাবিব (৫৪)। তবে তদন্তের স্বার্থে সোমবার রাতে গ্রেফতার হওয়া তিনজনের নাম প্রকাশ করেনি সিআইডি।

গতকাল সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিরিয়াস অ্যান্ড হোমিসাইডাল স্কোয়াড) সৈয়দা জান্নাত আরা জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাল স্বাক্ষরসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, এনএসআই প্রধানের স্বাক্ষর জালের প্যাডের পাতা, বাংলাদেশ ব্যাংকের ভুয়া ৫৪ হাজার কোটি টাকার যাচাইকৃত কপি, প্রধানমন্ত্রীকে জড়িয়ে হেলালের বিভিন্ন মানহানিকর কথাবার্তার ভিডিও ক্লিপ ও প্রতারণার কাজে ব্যবহূত পাঁচটি মোবাইল জব্দ করা হয়। চক্রটি সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কথা টার্গেট মানুষকে জানাত এবং প্রয়োজনমাফিক তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষরসহ কার্যালয়ের প্যাডে ওই প্রকল্পের কাজের আদেশনামা দেখাত।

সৈয়দা জান্নাত আরা জানান, হেলাল উদ্দিন জাল স্বাক্ষর চক্রের মূলহোতা। তিনি প্রধানমন্ত্রীর জাল স্বাক্ষর তৈরি করতেন। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে জালিয়াতি করতেন। তারা প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যান, এনএসআই প্রধানের জাল স্বাক্ষর করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত্ করেন।

বিশেষ পুলিশ সুপার জান্নাত আরা আরো বলেন, জালিয়াতি চক্রটি বাংলাদেশ ব্যাংকের ৫৪ হাজার কোটির টাকার একটি ভুয়া যাচাই কপি তৈরি করেছে। ওই ৫৪ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে কথিত ফরিদুজ্জামান সেলিমের অ্যাকাউন্টে আছে বলে ভুয়া কাগজ তৈরি করে জনমনে বিশ্বাস স্থাপন করত। এভাবে তারা ৪২ লাখ টাকা আত্মসাত্ করে। সিআইডি ফরিদুজ্জামান সেলিমকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।