ইত্তেফাক রিপোর্টার
বিদেশি মুদ্রায় লেনদেন নীতিমালা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী বিদেশি কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে পারেন। কিন্তু অনেক ব্যাংক এ নির্দেশনা সঠিকভাবে মানছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রানীতি বিভাগ ব্যাংকগুলোকে আগের নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কর্মীদের ব্যাংক হিসাবে জমা ডলার যে কোনো সময় নিজ দেশে নির্বিঘ্নে পাঠাতে দিতে হবে। এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সংশ্লিষ্টরা বলেছেন, বিদেশি মুদ্রায় লেনদেন নীতিমালার আলোকে সাধারণ অনুমোদনের ভিত্তিতেই যোগ্য ব্যক্তিরা বিদেশি মুদ্রা হিসাবে থাকা অর্থ বাইরের দেশে পাঠাতে পারেন। এর জন্য নতুন করে বা আলাদা অনুমোদনের দরকার হয় না। কিন্তু কোনো কোনো ব্যাংক এ নির্দেশনা সঠিকভাবে মানছে না বলে বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এতে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে গিয়ে অহেতুক ভোগান্তিতে পড়ছেন। ব্যাংক কর্মকর্তারা জানান, দেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের কর্মীরা স্থানীয় ব্যাংকে বিদেশি মুদ্রায় হিসাব খুলতে পারেন। এ ছাড়া প্রবাসীরাও দেশের ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রায় হিসাব খুলতে পারেন। এ ধরনের হিসাব থেকে অর্থ প্রেরণে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না।
