নগরীর আগ্রাবাদে যুবলীগের কর্মী মারুফ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি মো. রমজান আলীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানার একটি টিম। মো. রমজান আলী ডবলমুরিং থানাধীন কমার্স কলেজ রোডের মতিয়ারপুল এলাকার মো. আক্তারের পুত্র।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, মো. রমজান আলীকে আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অর্ণব বড়ুয়া জানান, কাঠের বাটাম দিয়ে আঘাতের পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়। পরে তার বড় বোন রোজি চৌধুরী বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন। মামলায় রমজান ও আগ্রাবাদ এলাকার কিশোর গ্যাং লিডার মোস্তফা কামাল টিপুসহ মোট সাত জনকে আসামি করা হয়। ঘটনার পর আসামিরা এলাকা থেকে সবাই গা ঢাকা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে নগরীর আগ্রাবাদ এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয় যুবলীগের কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরীকে।
