বিউটি পার্লারে চাকরির প্রলোভনে তরুণীকে যৌনপল্লিতে বিক্রি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:২৮

ভালো বেতনে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছর বয়সি এক তরুণীকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার ঐ তরুণী কোনো রকমে যৌনপল্লি থেকে পালিয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলো—গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা মৃত মোসলেমের মেয়ে নাজমা বেগম (৫৫), নাটোর জেলার লালপুর উপজেলার গোদরা গ্রামের কামাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩০) ও ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম খাবাসপুর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে সাগর আহমেদ (৩০)।

ঐ তরুণী জানান, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হতদরিদ্র পরিবারের মেয়ে তিনি। পরিবারের অসচ্ছলতার কারণে তিনি ঢাকায় একটি দোকানে কাজ নেন। সেখানে কাজ করার সুবাদে মান্নান নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গত ১৩ নভেম্বর দৌলতদিয়া যৌনপল্লিতে এনে ৫০ হাজার টাকায় বাড়িওয়ালী নাজমার কাছে তাকে বিক্রি করে দেয় মান্নান। এরপর থেকে যৌনপল্লিতে একটি ঘরে আটকে রেখে তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করে। গত রবিবার দিবাগত রাতে কৌশলে তিনি ঐ ঘর থেকে পালিয়ে যান। এ সময় আটককৃতরা তাকে ধাওয়া করলে তিনি চিত্কার-চেঁচামেচি করেন। এ সময় স্থানীয়রা ঐ তিন জনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ তরুণীকে উদ্ধার করে। একই সঙ্গে ঐ তিন জনকে গ্রেফতার করে।