ম্যানইউতেই ক্যারিয়ার শেষ করতে চান রুনি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:০৯

সাবেক ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ওয়েইন রুনি জানিয়েছেন, ওল্ড ট্র্যাফোর্ডেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। ২০০৪ থেকে ২০১৭ পর্যন্ত রেড ডেভিলদের হয়ে খেলেছেন রুনি। এ সময়ে ৫৫৯ ম্যাচ থেকে ২৫৩ গোল করেছেন তিনি, যা ক্লাবটির রেকর্ডও। গত বছর তার শৈশবের ক্লাব এভারটনে ফিরে যান রুনি, সেখান থেকে তিনি মেজর লিগ সকারের ডিসি ইউনাইটেডে পাড়ি জমান। ইউনাইটেডের অফিসিয়াল টিভি চ্যানেল এমইউ টিভিকে রুনি বলেন,‘একে অবশ্যই আমি মিস করি। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে ঝলমলে অংশ ছিল। এবং আমি এখানে অনেক বছর ছিলাম।’ ক্লাবে ফেরার তীব্র ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন,‘আমি ফিরে যেতে চাই। কিছু সতীর্থের সঙ্গে দেখা করতে চাই এবং স্টাফদের মধ্যে কিছু বন্ধুর সঙ্গেও দেখা করতে চাই যাদের সঙ্গে আমি এত বছর কাটিয়েছি।’