প্রথমবার একসঙ্গে...

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:০৩

 

সম্প্রতি শুটিং শেষ হলো দীপু হাজরা পরিচালিত একক নাটক ‘গেম অব লাইফ’-এর। জনপ্রিয় এই পরিচালক তার নির্মাণ শৈলী ও গল্প দ্বারা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তার নির্মিত অনেক নাটকই জনপ্রিয়তা পেয়েছে। এসবের মধ্যে রয়েছে শাপলা স্টুডিও, জিন্না কসাই, ইলু ইলু, কাক, ভোদাই, কুপ্তা চোর, ছবির দেশে কবিতার দেশে, মেন্টাল ফ্যামিলি, হেপি ফ্যামিলি, জয়েন ফ্যামিলি, ভাগের মা। কাজের প্রয়োজনে অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ হলেও সারিকা সাবরিনের সঙ্গে এটাই তার প্রথম কাজ। এ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, সারিকার অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। নিঃসন্দেহে সে খুব ভালো অভিনেত্রী; তার অভিনয় আমার কাছেও বেশ ভালো লেগেছে। সে খুব বুদ্ধিমতি ও বেশ বিনয়ী। একসঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে; আশা করি আগামীতেও তার সঙ্গে অনেক কাজ হবে। বর্তমানে এটি এডিটিং টেবিলে রয়েছে।  সারিকা বলেন, দীপু ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ হলেও একদমই তা মনে হয়নি! আমার বেশ ভালো লেগেছে, শুটিংকালে পুরো সময়টা বেশ এনজয় করেছি।