ভারতের মতো শক্তিশালী দলকে একই আসরে দুবার হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই অর্থে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু সেটাও হলো না।
সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানে হেরে গেল সালমা খাতুনের দল। লঙ্কান মেয়েদের করা ৯৭ রানের জবাবে মাত্র ৭২ রানেই অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। এর অর্থ হলো গ্রুপ পর্বের তিনটি ম্যাচে টানা তিন ম্যাচ হারের খেসারত দিয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচ শেষে অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘এটা ছিল বাজে একটা দিন। আমাদের বোলিংটা ভাল ছিল। কিন্তু ব্যাটসম্যানরা তাল মিলিয়ে খেলতে পারেনি। অনেকগুলো ডট বল খেলে ফেলায় সমস্যাটা প্রকট হয়। উইকেটটা খুবই ভাল ছিল। নতুন বলে জাহানারা খুবই ভালো করেছে। স্পিনাররাও ছিল দুর্দান্ত। কিন্তু আবারো ব্যাটসম্যানরাই ডুবালো। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটা আমরা ভালো করতে পারবো।’
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৯৭ রান করে। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পান জাহানারা আলম। এছাড়া একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শশিকলা সিরিবর্ধনে।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে মেয়েরা।
৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। তিনজন ব্যাটার কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ৭২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২৫ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু তিনটি ও উদেশিকা প্রাবোধানি নেন দুটি উইকেট। দুই উইকেট পান সিরিবর্ধনেও। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ নভেম্বর। সেদিন ভোরে সালমা-রুমানাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যদিও, এখন সেটা স্রেফ নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ
শ্রীলঙ্কা: ২০ ওভারে ৯৭/৭ (শশিকলা ৩১, মানোদারা ১৬, আতাপাত্তু ১২, নিলাকাশি ১২; জাহানারা ৪-০-২১-৩, সালমা ৪-০-১১-০, কুবরা ৪-০-১৫-১, রুমানা ৪-০-২৬-১, ফাহিমা ৩-০-১৬-১, রিতু ১-০-৬-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ৭২ অলআউট (সানজিদা ০, আয়েশা ১১, ফারজানা ০, নিগার ২০, রুমানা ১, শামীমা ৫, লতা ৫, জাহানারা ১, সালমা ৬, ফাহিমা ২, রিতু ১১, কুবরা ৪*; আতাপাত্তু ৩/১৭, উদেশিকা ২/৬, শশিকলা ২/১০, ইনোশি ১/১৭, ওশাদি ১/৯)।
ফল: শ্রীলঙ্কা ২৫ রানে জয়ী
ম্যাচ সেরা: শশিকলা সিরিবর্ধনে
