মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘হেট ইউ করোনা’। মুরসালিন শুভর রচনায় এটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিন, কায়েস চৌধুরী, শেলী আহসান প্রমুখ। ফারিনের প্রেমে মশগুল অপূর্ব। একদিন তাকে না দেখে থাকতে পারে না। তবে তার সামনে বাঁধা হয়ে আসে করোনা ভাইরাস। লকডাউন ঘোষণা করায় বাসা থেকে বের হতে পারে না। দিনের পর দিন প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে অস্থিরতায় ভোগে। দু’জন মিলে বুদ্ধি করে অনলাইন অর্ডার ডেলিভারি বয় সেজে ফারিনের বাসায় যাবে অপূর্ব। ফারিন একেক দিন একেকটি পণ্যের অর্ডার করে আর অপূর্ব ডেলিভারি দিতে যায়। এভাবে তাদের দেখা হয়। একদিন পণ্য নিয়ে যাওয়ার পর দু’জন ছাদে গিয়ে অনেকক্ষণ সময় কাটায়। এদিকে বাড়িতে চোর ঢুকেছে বলে লোকজন জড়ো হয়। বিপাকে পড়ে তারা!
