বানের জলে ভরা যৌবনের কংশ নদী যেন
ষোড়শীর গালে টোল পড়া পাক—খোলাচুলের মতো স্রোত
স্ফীত প্রবাহে রুপা বর্ণের মাছ লাফিয়ে ওঠে জলের ওপর
জলতরঙ্গ আনন্দ-উত্সবে দিগিবদিক করে গন্তব্যহীন ছোটাছুটি!
জলের পোকা খাদ্যান্বেষণে জলের ওপরে কমান্ডো মহড়া পাখির
যেখানে জল নড়ে সেখানে শালিক-ফিঙে ঝাঁপিয়ে পড়ে
মাছরাঙা শিকার-সন্ধানে চঞ্চু তাক করে—ধ্যানী নিস্তব্ধতায়
সূর্যের অস্তমিত গতি স্তিমিত-ঝলমলে রোদ উদ্দাম জলপ্রবাহে
সোনামাখা ঝালরের মনোমুগ্ধকর মোহিত ছায়া ফেলে
কবুতর ছানার মতো ডানা ছড়িয়ে কাঁপা ঢেউ অপরূপ ছলছলে
বর্ণীল আভায় অপার নৈসর্গিক মনোলোভা আকাশ আর জলে
পাখির নীড়ে ফেরা—অতঃপর রঙিন সন্ধের সাজে রাত নামে।
