পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলে দেশে ফিরেছেন তামিম ইকবাল। গত বুধবার রাতে করাচি থেকে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। বঙ্গবন্ধু টি-২০ কাপে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। দলটির নেতৃত্বও থাকছে তার কাঁধে।
গতকাল বরিশালের মিডিয়া বিভাগ জানিয়েছে, আজ করোনা পরীক্ষার জন্য তামিমের নমুনা নেওয়া হবে। নেগেটিভ রিপোর্ট পেলেই অনুশীলনে নামবেন তিনি। আজ তামিম ছাড়াও বঙ্গবন্ধু টি-২০ কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচ, অফিশিয়ালদের করোনার নমুনা নেবে বিসিবি।
পিএসএলের প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন তামিম। তিন ম্যাচে ৮৩ রান করেছেন তিনি। ট্রফি অবশ্য জিততে পারেনি তামিমের দল। লাহোরকে হারিয়ে পিএসএলের শিরোপা জিতে নিয়েছে করাচি কিংস। ফাইনালে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক।
