৩৯ আফগানকে হত্যা করেছে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২১:৩৭

আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনী ৩৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে বলে অস্ট্রেলিয়া সরকারের একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে ২০১৬ সালের মার্চে তদন্ত শুরু করে দেশটির কর্তৃপক্ষ। চার বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হলো। এই তদন্তের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল পল ব্রেরেটন। ঐ তদন্ত কমিটি ৪০০ জনের বেশি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সাক্ষাত্কার গ্রহণ করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল আঙ্গুস ক্যাম্পবেল।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের বর্তমান ও সাবেক ১৯ সদস্যের বিরুদ্ধে এসব হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। তারা ২৩টি বিচ্ছিন্ন ঘটনায় ৩৯ জন আফগান নাগরিককে হত্যা করেছিল। তাদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে খুন ও নিষ্ঠুর কর্মকাণ্ডসহ অন্তত ৩৬টি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। ক্যাম্পবেল বলেন, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা বন্দি, কৃষক কিংবা সাধারণ আফগান নাগরিক ছিলেন। তিনি জানিয়েছেন, এই তদন্ত প্রতিবেদনের ১৪৩টি সুপারিশের সবকটি মেনে নেওয়া হবে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অস্ট্রেলীয় স্পেশাল ফোর্সের মধ্যে হত্যাকাণ্ডের প্রতিযোগিতা হত্যাকাণ্ড এবং ‘রক্তের লালসা’ পরিলক্ষিত হয়েছে। ক্যাম্পবেল বলেন, এসব ঘটনা সংশ্লিষ্ট আফগান পরিবার ও সম্প্রদায়ের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এসব ঘটনা তাদের জন্য যন্ত্রণাদায়ক। এদিকে আফগানিস্তানে অস্ট্রেলীয় বাহিনীর কর্মকাণ্ডের জন্য আফগান সরকারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিজ পেন।