করোনাকালে ৭১ ভাগ পোশাক শ্রমিক পরিবার পরিকল্পনা বিধি মেনে চলছেন

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:৩৩

করোনার এই সময়ে ৭১ শতাংশ গার্মেন্ট শ্রমিক পরিবার পরিকল্পনার বিধি মেনে চলছেন বলে এক জরিপে উঠে এসেছে। যারা পরিবার পরিকল্পনার বিধি পালন করছেন তাদের মধ্যে ৫২ শতাংশ জন্মনিরোধক পিল বা বড়ি ব্যবহার করছেন, ৩০ শতাংশ জন্মনিরোধক ইনজেকশন ব্যবহার করছেন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ম্যাইক্রোফ্যাইনান্স অপরচুনিটিজ (এমএফও) এর যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল সানেমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ’ প্রকল্পের পোশাক শ্রমিকদের প্রতি সপ্তাহের জরিপে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়। সম্প্রতি এই প্রকল্পের নারী পোশাক শ্রমিকদের পরিবার পরিকল্পনা এবং মাসিককালীন স্বাস্থ্যবিধির ওপর কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়। এ শ্রমিকরা বাংলাদেশের প্রধান পাঁচটি শিল্পাঞ্চল ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে কর্মরত আছেন। এ বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ৮৮৬ জন শ্রমিকের ওপর জরিপটি পরিচালিত হয়।