রাজনীতিতে সক্রিয় হতে চান রূপবানখ্যাত সুজাতা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:২৮

 

দেশীয় বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি নায়িকা সুজাতা। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনিনির্ভর চলচ্চিত্র ‘রূপবান’ দিয়ে বাংলার আপামর দর্শকের কাছে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এরপর তাকে দেখা গেছে বহু কালজয়ী চলচ্চিত্রে। অভিনয়ের বাইরে সুজাতা বঙ্গবন্ধুর আদর্শ আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী সাংস্কৃতিক জোট ছাড়াও বঙ্গবন্ধু শিল্পী ঐক্য জোট, শিল্পী সংঘ, শিল্পী সমিতিসহ পরিচালক সমিতি, প্রযোজক সমিতির মতো নানা পেশাজীবী সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সুজাতা আজিম নামে তার ফেসবুক আইডিটিতেও দেখা যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার নানা রকম প্রচারণা। এই অভিনেত্রী এবার নামছেন সক্রিয় রাজনীতিতে। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন অভিনেত্রী সুজাতা। গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ প্রসঙ্গে সুজাতা সাংবাদিকদের বলেন, ‘জীবনসায়াহ্নে দাঁড়িয়ে বোধ করছি যেটুকু সময় খোদা আমাকে দেন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। তাই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সেজন্য এই দল থেকেই মনোনয়ন কিনেছি।’