‘আমৃত্যু অভিনয়ে থাকতে চাই’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:২৮

র ফি কু ল  ই স লা ম

 

একজন অভিনেত্রী হিসেবেই আমৃত্যু কাজ করে যেতে চান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নিজেকে একজন সাধারণ অভিনেত্রী মনে করেন তিনি। তার ভাষ্যে, ‘আমি আসলেই বিশ্বাস করি আমার অভিনয় হয়ই না। কিন্তু তারপরও আমার ভালো লাগে অভিনয়ের সঙ্গে থাকতে। আমি আমৃত্যু মঞ্চ, টিভি, চলচ্চিত্রে অভিনয়ে থাকতে চাই।’ গত মাসেই রুনা খান সিডিউল দিয়ে রেখেছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। সেই অনুযায়ী রুনাকে এরইমধ্যে গত ১৩ জানুয়ারি টানা তিনদিন রাজের নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘যেহেতু গত মাসেই এই নাটকের সিডিউল দেওয়া ছিল, তাই পরিবারের এমন সমস্যার মধ্যেও আমার স্বামীও আমাকে বলেছেন কাজটি করতে। আমার কাছে সবসময়ই আমার পরিবারের শান্তিটা আগে। তাই পরিবারের ভালো-মন্দটাই আমি প্রাধান্য দিই সবার আগে, সবসময়। রাজের নির্দেশনায় এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি। রাজ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। আশা করছি তার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালোই হবে।’ রুনা খান নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন বলেই দর্শক, সহকর্মী ও নির্মাতাদের মধ্যে তাকে ঘিরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। গুণী এই অভিনেত্রী এরইমধ্যে জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে কাজ করেছেন। বিদেশগামী যাত্রীরা যেন সঠিকভাবে বিদেশ যাওয়ার সব পন্থা জেনে বিদেশ যান সেই বিষয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আর এই তথ্যচিত্রেই অভিনয় করেছেন রুনা খান। এটি নির্মাণ করেছেন ফারুক আহমেদ টিটু। গত বছরের একেবারে শেষপ্রান্তে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দুটি মুক্তি পায়। দুটি সিনেমায় রুনা খানের অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। রুনা খান বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেরও কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। নাটকগুলো হলো অনিমেষ আইচের ‘জোছনাময়ী’, ‘গুড ব্যাড আগলি’, অঞ্জন আইচের ‘থ্রি মেড’, যুবরাজ খানের ‘ব-তে বন্ধু’, আল হাজেনের ‘সুখের ভেতর অসুখ’, জুয়েল শরীফের ‘আলিবের অষ্টখণ্ড’। এ ছাড়া তিনি জুয়েল হাসানের দুটি খণ্ড নাটক ‘বৌ ভাগ’ ও ‘বাবার বাদশা’-তে অভিনয় করেছেন। গেল বছর ‘হালদা’ ও ‘গহীন বালুচর’ ছাড়াও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ সিনেমাটিও মুক্তি পায়।