তা হ মি না মি লি
হলিউডের বিখ্যাত চিত্রনির্মাতা এম নাইট স্যামালানের নতুন মুভি ‘গ্লাস’। আমেরিকান সুপারহিরো থ্রিলার মুভিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। স্যামালানের আগের মুভি ‘স্প্লিট’, ‘আনব্রেক্যাবল’-এর সিক্যুয়াল এটি। ‘এসট্রেইল ১৭৭’ ট্রিলজির এ মুভি মুক্তির আগে সবাইকে বিশেষভাবে কৌতূহলী করেছে। ব্রুস উইলিস, স্যামুয়েল এ জ্যাকসন, স্পেন্সার ট্রিট ক্লার্ক ও চার্লিস উডওয়ার্ডের সঙ্গে নতুন এই মুভিতে সিক্যুয়ালের আগের পর্বগুলোর একজন অন্যতম অভিনেত্রী অ্যানা টেইলর জয়কে দেখা যাবে। ‘গ্লাস’ মুভিতে অ্যানাকে আগের মতো ক্যাসি কুক চরিত্রে দেখা যাবে। ২২ বছর বয়সী সুন্দরী মেধাবী এই আর্জেন্টাইন ইংরেজি অভিনেত্রী হলিউডি নতুন এই মুভিতে চমক নিয়ে হাজির হচ্ছেন পর্দায়। এখানে অপহরণের শিকার একজন তরুণী হিসেবে দেখা যাবে তাকে। অ্যানাকে সবাই বেশি চেনে বিখ্যাত পিরিয়ড হরর মুভি ‘দ্য উইচ’-এর থোমাসিন চরিত্রে রূপদানকারী অভিনেত্রী হিসেবে। এ ছাড়া হরর থ্রিলার মুভি ‘স্প্লিট’-এর ‘কেসি কুক’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের চমকিত করেছেন অ্যানা। ব্ল্যাক কমেডি থ্রিলার মুভি ‘থ্রোব্রেডস’ মুক্তি পেয়েছে গত বছর। এখানেও লিলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন বিশেষভাবে। হরর ধাঁচের অনেকগুলো মুভিতে অ্যানা টেইলর জয়ের উজ্জ্বল উপস্থিতি তাকে এর মধ্যে হলিউডে ভিন্ন এক অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এখন সবাই তাকে ‘ভয়ের রানি’ হিসেবে চেনেন। আমেরিকার ফ্লোরিডার মিয়ামিতে তার জন্ম। কান ফিল্ম ফেস্টিভ্যালে ট্রফি চোপারড অর্জনকারী এই সুন্দরী বাফটা উদীয়মান তারকা পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন। ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট অ্যানা টেইলর জয়। তার মা একজন ফটোগ্রাফার ও ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করতেন। বাবা ছিলেন একজন ব্যাংকার। তিনি একজন স্কটিশ-আর্জেন্টাইন। অ্যানার বয়স যখন মাত্র ছয়, আমেরিকা থেকে আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছিলেন তার পরিবার। এরপর আবার লন্ডনে ফিরে আসেন তারা। কেনসিংটনে প্রিপারেটরি স্কুল হিল হাউসে পড়েছেন একসময়। এরপর আর্জেন্টিনায় গিয়ে নতুন স্কুলে ভর্তি হয়েছিলেন। লন্ডনের কুইনস গেট স্কুলেও গেছেন অ্যানা, একসময় ব্যালে নর্তকী হিসেবেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ১৬ বছর বয়সে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। মডেলিং করতে করতে অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন অ্যানা। হরর মুভি ‘দ্য উইচ’-এ অভিনয়ের সুবাদে খ্যাতি শীর্ষে পৌঁছে যান তিনি। ২০১৫ সালে সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে মুভিটির প্রিমিয়ার হয়েছিল। অ্যানা টেইলর জয় ক্যারিয়ারের শুরু থেকেই হরর ধাঁচের মুভিতে অভিনয় করে আসছেন। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত যতগুলো মুভিতে অভিনয় করেছেন, তার মধ্যে হরর ধাঁচের মুভিই বেশি। ‘ভ্যাম্পায়ার অ্যাকাডেমি’, ‘দ্য উইচ’, ‘মরগ্যান’, ‘বেরি’, ‘স্প্লিট’, ‘ম্যারো বোন’, ‘থ্রোব্রেডস’ মুভিগুলোতে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এবার ‘গ্ল্যাস’ মুভিটি আসছে আগের দুটি মুভির সিক্যুয়াল হিসেবে। ফলে দর্শকদের আগ্রহ আছে অভিনেত্রী অ্যানাকে ঘিরে। ‘গ্লাস’ মুভিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করবে ধারণা করা যায়। আগামীতে তাকে দেখা যাবে ‘রেডিওঅ্যাকটিভ’, ‘দ্য নিউ মিউট্যান্টস’, ‘প্লোমোবিল :দ্য মুভি’, ‘হিয়ার আর দ্য ইয়াং ম্যান’ মুভিগুলোতে। প্রতিটিতে তার অভিনীত চরিত্র আলাদা ধরনের। অ্যানা টেইলর জয় ভবিষ্যতে হলিউডে আরও শক্ত অবস্থানে পৌঁছে যাবেন অভিনীত মুভিগুলোর কারণে। স্রেফ হরর মুভিতে সীমাবদ্ধ না রেখে তিনি নিজেকে একজন ভার্সাটাইল অভিনেত্রী হিসেবে সবশ্রেণির দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে চান।
