বাংলা ফাইভের ‘কনফিউশন’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩০

সা জ্জা দ  মা হ মু দ

 

প্রথম অ্যালবাম নিয়ে আসছে নতুন ব্যান্ডদল ‘বাংলা ফাইভ’। চলতি মাসের ১৯ তারিখ জাহাঙ্গীরনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিম উত্সব’। সেখানে প্রকাশিত হবে ‘কনফিউশন’ শিরোনামের অ্যালবামটি। যা পাওয়া যাবে সিডি আকারে এবং অনলাইনে। প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড তারকা মাকসুদুল হক (মাকসুদ ও ঢাকা)।

প্রথম একক অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়ে এ ব্যান্ডদল গড়েন সিনা হাসান। ব্যান্ডে যুক্ত হন গিটারিস্ট অনিক, বেজিস্ট রাফিন ও ড্রামার মেহেদী। এরপর দেশ-বিদেশে একের পর এক সফল পারফরম্যান্স দিয়ে শ্রোতা-দর্শকদের প্রশংসা অর্জন করেন। তাদের গান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয় করে নেয় নেপাল ও কলকাতার শ্রোতাদের হূদয়ও। তাদের গত এক বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হলো ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। মোট চারটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর শিরোনাম হলো ‘কনফিউশন’, ‘বাবা-মায়ের পকেট’, ‘মনে করো’ ও ‘সন্ধ্যা নামায়ে রাখি’। গানগুলোতে তারা ফুটিয়ে তুলেছেন ব্যক্তির মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের সংকট, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট।

কোনো রকম স্পন্সর না নিয়ে, নিজেদের শ্রম ও সঞ্চয়কে পুঁজি করে, নিজেদের প্লাটফর্মকে ভিত্তি করে তারা এই অ্যালবাম প্রকাশ করছেন। সে বিচারে ‘কনফিউশন’ অ্যালবামটি একটি স্বাধীন ব্যান্ড অ্যালবামের উদাহরণ সৃষ্টি করবে বলে তারা মনে করেন। অডিও প্রকাশের পাশাপাশি ‘মনে করো’ ও ‘কনফিউশন’ গানদুটির মিউজিক ভিডিও প্রকাশ করবেন বলে তারা জানিয়েছেন।

হিম উত্সবের তৃতীয় দিনের অনুষ্ঠানে সকাল থেকে পরিবেশনায় থাকবে মোট ৩০টি ব্যান্ডদল। তাদের মধ্যে শহরতলী, সহজিয়া, কফিল আহমেদ, কৃষ্ণপক্ষ ও অবান্তর উল্লেখযোগ্য। বাংলা ফাইভের কনফিউশন অ্যালবামের গানগুলো পাওয়া যাবে তাদের ইউটিউব চ্যানেল ‘সিনা হাসান এন্ড বাংলা ফাইভ’ এবং ফেসবুক চ্যানেল ‘বাংলা ফাইভ ব্যান্ড’ ও ওয়েবসাইট বাংলাফাইভ.কম-এ। অ্যালবাম ছাড়াও তাদের বিভিন্ন স্মারক পণ্য—ক্যাপ, টি-শার্ট, স্টিকার ইত্যাদিও পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও কলকাতার ক্যাফে কবীরা ও নেপালের ঘারেলু আর্টসে তাদের অ্যালবাম ও স্মারক পাওয়া যাবে।