বেতাগীতে কুপিয়ে ইউপি চেয়ারম্যানের দুই পা প্রায় বিচ্ছিন্ন

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২২:২৪

বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলার ৭ নম্বর সড়িশামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে ঐ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে বের হবার পর তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পা প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে বলে জানা গেছে। ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের পূত্র জাফর শরীফের নেতৃত্বে এই             হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ইউনিয়ন নির্বাচনসহ এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত্ তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা প্রদানের পর গুরুতর অবস্থায় গতকাল বিকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

বেতাগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু জানান, বিয়ের অনুষ্ঠান শেষে তাকে কুপিয়ে জখম করার পর আমাদের থানার গাড়ি গিয়ে তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিয়ে যায়। আমরা হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

বরগুনা শহরে বিক্ষোভ মিছিল

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, সড়িশামুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে জখমের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ ও জেলা শ্রমিক লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, শ্রমিক লীগ সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল, ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আদনান অনিক প্রমুখ। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।