‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-এর প্রথম রানার আপ খেতাব অর্জন করে শোবিজে নিজের প্রতিভার জানান দেন জাহারা মিতু। অভিনয়ের পাশাপাশি জাহারা উপস্থাপনাতেও দারুণ ব্যস্ত। এনটিভির একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্যদিয়ে উপস্থাপনায় তার সম্পৃক্ততা। গত এক বছর যাবত তিনি বৈশাখী টিভির নিয়মিত অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’-এর নিয়মিত উপস্থাপক তিনি। বর্তমানে মিতু অভিনীত রাশেদ রাহা পরিচালিত ‘আকাশে মেঘ নেই’ বাংলাভিশনে এবং জুয়েল মাহমুদ পরিচালিত ‘দি পাবলিক’ দীপ্ত টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে। অভিনয় নিয়েই তার এখনকার ব্যস্ততা। অভিনয় করছেন স্বাধীন ফুয়াদের পরিচালনায় ‘লটারি’, ‘নাকাব’ ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ভালোবাসার নীল খাম’, ‘যাকে প্রেমিক বলা যায় না’ নাটকে। এসব নাটকে জাহারা মিতুর সহশিল্পী হিসেবে আছেন শ্যামল মাওলা ও নিলয়। অভিনয় প্রসঙ্গে মিতু বলেন, ‘শুরু থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি টুকটাক নাটকে অভিনয় করে নিজের পরিচয়টা সবার মাঝে জানান দিতে। বিগত এক বছরেরও বেশি সময় ধরে একটু একটু করে নতুনদের মধ্যে অভিনয়ে নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছি। যে কারণে আমার হাতে আসা স্ক্রিপ্টগুলোতে নিজের চরিত্র নিয়ে এখন ভাবছি। ক্যামেরার সামনে শুধু সংলাপের প্রয়োজনে সংলাপ বলে যাওয়াটা নয়, আমি সত্যিকারের একজন অভিনেত্রী হয়ে মিডিয়াতে আজীবন কাজ করে যেতে চাই। আর এখানে কাজের ধারাবাহিকতায় আমার টার্গেট হচ্ছে সিনেমায় কাজ করা। এখনই যেহেতু সিনেমায় কাজ করার সাহস পাচ্ছি না, তাই ছোটপর্দায় অভিনয় করে বড় পর্দার জন্য নিজেকে তৈরি করছি।’
