রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর একমাত্র ছেলে আলিফ হোসেন মিয়া।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, আলহাজ্ব মো. নুরুজ্জামান মিয়ার শরীরে জ্বর সহ করোনার উপসর্গ দেখা দিলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। তাঁর করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসলে উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর শ্রীদাম দত্তপাড়ার নিজ বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে শরীর বেশি খারাপ হলে চিকিৎসকের পরামর্শে গত ৫ নভেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের পরিমাণ কমে আসায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখার পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর পুনরায় তার অবস্থার উন্নতি হয়। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
স্বাধীনতাকালে গোয়ালন্দ হানাদার মুক্ত হলে গোয়ালন্দ বাজার হাজী আব্দুল লতিফ মিয়ার ঘর থেকে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। হাজী আব্দুল লতিফ মিয়ার বড় ছেলে নুরুজ্জামান মিয়া রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ছাড়াও গোয়ালন্দ উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দ প্রপার হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম পৌর প্রশাসক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নীর অহংকার মানুষ ছিলেন।
শনিবার দুপুর ১টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানে দলীয় নেতৃবৃন্দ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন। বেলা আড়াইটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে তাঁর জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
প্রবীণ বর্ষীয়ান এই রাজনীতিবিদের অকাল মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সহ গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইত্তেফাক/এমআর
