বিনোদন রিপোর্ট
কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ। তিনি রক্তনালিতে ইনফেকশন, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছেন। শিল্পী আকবর বলেন, ‘অসুখের শেষ নেই। কিডনিতে ঝামেলা। ইনফেকশন হয়েছে। রক্তেও ইনফেকশন। ডায়াবেটিস তো আছেই। গত দু’দিন ধরেই শরীর নাড়াতে পারছি না। ব্যথায় মরে যাচ্ছি। প্রাথমিক চিকিত্সা চলছে।’ তিনি আরো বলেন, ‘মাঝে কিছুটা সময় ভালো ছিলাম। আবার বিছানায় পড়ে গেলাম। দুই চোখে অন্ধকার দেখছি ভাই। কয়েকবছর ধরে শরীরের পেছনে টাকা ঢালতে ঢালতে সঞ্চয় বলে আর কিছু নেই হাতে।’
চিকিত্সা প্রসঙ্গে আকবর বলেন, ‘হানিফ সংকেত স্যার কয়েক দফায় সাহায্য করেছেন। সেগুলো দিয়ে চিকিত্সা করিয়েছি। একটা মানুষকে আর কত বলা যায়। নিজেরই লজ্জা লাগে। উনি নিতান্তই ভালো মানুষ বলে এভাবে আমার পাশে আছেন।’
প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার গল্প সবখানেই শুনি। শিল্পীদের পাশে দাঁড়ান তিনি। আমার তো এমন কেউ নেই যে, তার কাছে নিয়ে যাবে। আমি সুস্থ হতে চাই। আবারো গান করতে চাই।’
