বরিশালে বাসে থাকা ড্রাম থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:০৯

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসে থাকা ড্রামের মধ্য থেকে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-মাদারীপুর সীমান্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে দিনভর তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় গৌরনদী থানার পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩৪)। তিনি তিন সন্তানের জননী।

জানা যায়, তার স্বামী কাতার প্রবাসী মো. শফিকুল ইসলামের বাড়ি গৌরনদীর দিয়াশুর গ্রামে। গত তিন দিন আগে তিনি স্বামীর বাড়িতে আসেন এবং শুক্রবার সকালে এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় করতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার পিতা সাহেব আলী মুলাদী উপজেলার বাসিন্দা। তিন সন্তান নিয়ে সাবিনা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানিয়েছে, রাতে বরিশালের আন্তঃরুটে যাতায়াতকারী আরসি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নগরীর গড়িয়ারপার এলাকায় এলে এক ব্যক্তি একটি ড্রাম ঐ বাসে তুলে দেয়। ঐ সময় সেই ব্যক্তি বাসের হেলপারকে বলে, তার লোকজন ভুরঘাটা থেকে ড্রামটি নামিয়ে নেবে। কিন্তু বাসটি ভুরঘাটায় পৌঁছানোর পর অনেক সময় পার হয়ে গেলেও কেউ ড্রাম নিতে আসেনি। একপর্যায়ে বাসের সব যাত্রী নেমে গেলে বাসের হেলপার উপায় না পেয়ে নিজেই ড্রামটি বাস থেকে নিচে নামান। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামটি খুলে এক নারীর লাশ দেখতে পান।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।