মাদকের টাকা না দেওয়ায়

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২৩:১৫

রূপগঞ্জে মাদক সেবনের টাকা না দেওয়ায় মাকে নির্মমভাবে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় এই ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শিংলাবো এলাকার মৃত আব্দুল সোবাহানের মাদকসেবী ছেলে সাইফুল ইসলাম (৩২) মাদকের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে প্রায়ই মারধর করত। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে  সাইফুল মাদকের টাকার জন্য মা দেলোয়ারা বেগমকে গালমন্দ শুরু করে। এক পর্যায়ে মাকে বাথরুমের ভেতর ঢুকিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও গলাটিপে হত্যা করে সাইফুল। প্রতিবেশীরা শব্দ শুনে এগিয়ে এসে দেখে ঘরের বাইরে বসে ছেলে সাইফুল ধূমপান করছে। এ সময় তার মায়ের কথা জিজ্ঞাসা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। এরপর সাইফুলের বাড়িতে এসে দেখতে পান বাথরুমে মা দেলোয়ারার লাশ পড়ে রয়েছে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।