সৌদি আরবের রজধানী রিয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের সোনালী ব্যাংক প্রতিনিধির উদ্যোগে আয়োজিত সভায় চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
দূতাবাসের সোনালী ব্যাংক প্রতিনিধি জসীম উদ্দিনের সঞ্চালনায় ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
মতবিনিময় সভায় সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যন্সের কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ শক্তিশালী হয়েছে। তিনি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যন্স পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে সোনালী ব্যাংকের নেয়া নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
আরো পড়ুন: অনিয়মিত অভিবাসীদের বৈধতা দানে পর্তুগিজ সংসদে বিল পাশ
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল আগামী দিনে রেমিট্যন্স পাঠানোর ওপর ভিত্তি করে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনা প্রদানের বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও সৌদি আরবের রিয়াদে প্রবাসীদের সুবিধার্থে সোনালী ব্যাংকের শাখা খোলার ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যন্স প্রেরণ ও বিভিন্ন ব্যবসায়িক সুবিধার্থে সোনালী ব্যাংকের একটি শাখা রিয়াদে খোলার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি প্রবাসীদের বীমা সুবিধা প্রদানের জন্য বাংলাদেশের জীবন বীমা কোম্পানি আগামী মাসে সৌদি আরব সফর করবেন। এছাড়া দীর্ঘদিন থেকেই বাংলাদেশে রেমিট্যন্স প্রেরণকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম।
তিনি বলেন, বর্তমানে সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন পেশায় দক্ষ প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সোনালী ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি।
ইত্তেফাক/বিএএফ
