সার ও কীটনাশক কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

দেশে যারা সার ও কীটনাশক মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। গতকাল রবিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বাফার গোডাউনে সংরক্ষিত সারের হিসাব সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রয়োজনে এ লক্ষ্যে নতুন লোকবল নিয়োগ দেওয়ার কথাও বলেছেন তিনি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আয়োজিত দুই দিনব্যাপী ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন শেষ হয় গতকাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় শিল্পমন্ত্রী সারের আমদানির নির্ভরতা কমাতে উত্তরবঙ্গে সার কারখানা নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বিসিআইসির প্রতি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সার কারখানার উত্পাদন সংশ্লিষ্ট বিষয়ে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালকদের প্রশাসনিক ক্ষমতা বাড়ানো হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার (বিআইএসএফ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সাদেক তালুকদার এবং ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের পরিচালক মো. রাজিউর রহমান মল্লিক প্রমুখ।