শমশেরনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:০৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

সিলেট-আখাউড়া রেল সেকশনের শমশেরনগর স্টেশন সংলগ্ন রেলওয়ের ভূমিতে অবৈধভাবে স্থাপিত পাকা দেয়ালের স্থাপনা সমূহে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষি লিজ নিয়ে পাকা গৃহ নির্মাণ, স্টেশনের প্লাটফর্ম ঘেঁষে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগে আংশিক উচ্ছেদ করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।

অভিযানকালে নবনির্মিত পাকা দেয়ালের তিনটি বসত ঘর, স্টেশনের রেলক্রসিং এলাকায় ছোট ছোট কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং সিএনজি-অটোরিকশা চালক সমিতির অফিস উচ্ছেদ করা হয়। তবে আকস্মিকভাবে উচ্ছেদ অভিযানে নিরীহ লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে রেলওয়ের ঢাকাস্থ সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা অহিদুন নবী, কানুনগো আমিন উদ্দীন, রেলওয়ের নিরাপত্তা বাহিনী সিলেট এর মো. মাহতাব উদ্দীন-সহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

রেলওয়ের কুলাউড়া অঞ্চলের সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট রেলপথে ডবল লাইন নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে এই সেকশনের সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

অভিযান বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, কৃষিজমি লিজ নিয়ে অবৈধভাবে বাসাবাড়ি স্থাপন, জমি নিয়ে মামলা এবং সংবাদ মাধ্যমে এ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানের পূর্বে বসবাসরতদের মালামাল সরিয়ে নিতে জানানো হয়েছে।