জগন্নাথপুর (সুনামগঞ্জ): বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বৈঠাখালী ব্রিজের পাশে মুইয়ার হাওরের পতিত ভূমিতে দুই দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয়রা। গত সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত ঘৌড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া। ১০ সহস্রাধিক দর্শকের উপস্থিতে দুই দিনব্যাপী ঘৌড় দৌড় প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় জগন্নাথপুর উপজেলা ছাড়াও পার্শ্ববতী ছাতক, বিশ্বনাথ উপজেলাসহ সিলেট অঞ্চলের বিভিন্ন স্থান থেকে রাজমুকুট, ইল্যান্ড, বাংলার ফুল, টিয়াপাখি, বিজয় নিশান, লাদেন, মায়ের আদেশ, মায়ারানী, দোয়েলপাখি, মনপাখি, সোনার হরিণ, মাস্তান, রকেটসহ বাহারি নামের অর্ধশতাধিক ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। গত মঙ্গলবার দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে টেলিভিশনসহ বিভিন্ন দামি দ্রব্যসামগ্রীর পুরস্কার বিতরণ করেন। জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভুইয়া ও পৌরসভার সাবেক কমিশনার মাছুম মিয়া প্রমুখ। সিলেট বিভাগীয় ঘৌড় দৌড় ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন পর প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে —ইত্তেফাক
