চৌমুহনী (নোয়াখালী): বুধবার নোয়াখালী জেলা তথ্য দপ্তরের উদ্যোগে চৌমুহনীস্থ বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়। নোয়াখালী জেলা তথ্য দপ্তরের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয় বুধবার সকাল ১০টায় বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্বোধনের পূর্বে নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা জাবেদ কায়সার, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা প্রমুখ। মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মনোরঞ্জনের জন্য ম্যাজিক শো ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মেলায় বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদন মোহন উচ্চবিদ্যালয়, ডেলটা জুট মিল উচ্চ বিদ্যালয়, সুরাঞ্জলী খেলাঘর আসরসহ ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজ নিজ স্টলে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধভিত্তিক ছড়া ও গল্প এবং দেয়াল পত্রিকা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য চিত্র প্রদর্শন করে —ইত্তেফাক
