উখিয়ায় রোহিঙ্গা আগমনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:০৯

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর আগমনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর মাঝে কম্বল ও গৃহসামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো:কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে উখিয়ার স্থানীয় জনগোষ্ঠী আশ্রয় ও সেবা দিয়ে ৬ লক্ষ রোহিঙ্গার প্রাণ বাঁচিয়েছে। তারা যদি রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় ও আনুষঙ্গিক সেবা কার্যক্রম না দিতো তাহলে করুণ পরিণতির আশঙ্কা ছিল। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক আইওএম প্রদত্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়ার ৫টি ইউনিয়নে ১০ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসক স্থানীয় বেকার যুব সম্প্রদায় ও মহিলাদের ২৫ শতাংশ চাকরির কথা নির্ধারণের ব্যাপারে ক্যাম্পে কর্মরত এনজিওগুলোর প্রতি নির্দেশ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো:শামশুদ্দোজা বলেন, রোহিঙ্গার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে সার্বিকভাবে উখিয়ার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উখিয়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইওএম এর প্রজেক্ট ম্যানেজার মি. হার্ট জসুয়া, হেড ট্রানজিশন এন্ড রিকভারি মি. সংযুক্তা সাহানি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২ শত স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।