নোয়াখালী প্রতিনিধি
জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সালাউদ্দিন (৪৮) ও তার ছেলে সৌরভ হোসেনের (১২) মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী পদুয়া গ্রামের বাসিন্দা। সৌরভ স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে সালাউদ্দিন ও তার ছেলে পার্শ্ববর্তী ফলাহারী গ্রামে নিজেদের ধানক্ষেতে পাম্প মেশিন দিয়ে পানি সেচ দেয়া শেষে সৌরভ পায়ের কাদা-মাটি ধোয়ার জন্য পাশের একটি পুকুর পাড়ে যায়। এ সময় সে পুকুরের পাড়ে পল্লী বিদ্যুতের খুঁটির টানা তার ধরে নিচের দিকে ঝুলে পানিতে পা ধোয়ার সময় খুঁটির টানা তার বিদ্যুত্ লাইনের উপরে থাকা মূল তারের সাথে লেগে তা বিদ্যুতায়িত হয়। এতে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাবা সালাউদ্দিন ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে মারা যান।
কবিরহাট থানা ওসি মির্জা হাসান এ ঘটনা নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুত্ বিভাগের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
