‘ম্যাক্সওয়েল সাতেই সেরা’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সাম্প্রতিককালে অনেক বিতর্ক হয়েছে। প্রথমে আলোচনা ছিল টেস্ট দলে তার সুযোগ পাওয়া ও না পাওয়া নিয়ে। এরপর বিতর্কের বিষয় ছিল ম্যাক্সওয়েলের মতো ব্যাটসম্যানকে ৭ নম্বরে খেলানো ঠিক কি- না। এসব বিতর্কের মধ্যেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ নম্বরে নেমে ৩৭ বলে ৪৮ রানের এই ঝড়ো ইনিংস খেলেছেন।

ম্যাক্সওয়েলের এই ইনিংস খেলার পর অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, এই পজিশনই এই অলরাউন্ডারের জন্য সেরা। সেই সাথে তিনি জানিয়েছেন, তাদের বিশ্বকাপ পরিকল্পনায় খুব ভালোভাবে আছেন ম্যাক্সওয়েল। ল্যাঙ্গার বলছিলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিততে চাই, তাহলে ম্যাক্সওয়েল হবে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমি সত্যিই মনে করি, এই বিতর্কের পরও ম্যাক্সওয়েল এই সাত নম্বরেই সেরা। হ্যাঁ, যখনই আমাদের ওপরের দিকে কোনো ঝড়ো ইনিংস দরকার হবে, আমরা তাকে আগে নামাবো।’

ল্যাঙ্গার স্বীকার করলেন যে, গত কয়েক মাস ধরে তারা ব্যাটিং অর্ডার নিয়ে বেশ কিছু নতুন ব্যাপার করার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা মনে করেছেন, ম্যাক্সওয়েল এই নিচের দিকেই দলকে সেরাটা দিতে পারবেন। তিনি বলছিলেন, ‘আমরা যখন ভিন্ন ভিন্ন জিনিস চেষ্টা করেছি, তখন আমরা যে ধরনের সাফল্য আশা করেছিলাম তা পাইনি। আমার কাছে ম্যাক্সি হলো বিশ্বের সেরা ফিল্ডার। তার যে অসীম প্রাণশক্তি সেটাকে আমরা খুব পছন্দ করি। সে মেলবোর্ন স্টার্সের অধিনায়কও বটে। ফলে তার ভেতর খুব ভালো নেতৃত্বগুণ আছে। ফলে সে যে রকম করে অভ্যস্থ, শেষ দিকে এসে সে রকম শেষের ছোঁয়াটা দিতে পারলে সেটা প্রতিপক্ষের জন্য সবসময় একটা চাপের ব্যাপার। এটা প্রতিপক্ষের জন্য একটা কঠিন চিন্তা যে, এখনও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং করা বাকি।’ ল্যাঙ্গার এই প্রসঙ্গে মাইকেল ক্লার্ক বা মাইক হাসির নিচের দিকে ব্যাটিং করার কথা মনে করলেন। তিনি বলছিলেন, হাসিকে এ নিয়ে তিনি খুব মজাও করতেন, ‘মাইকেল ক্লার্ক যখন সাত নম্বরে ব্যাট করতো বা হাসি যখন সাত নম্বরে ব্যাট করতো, সেই সময়ের কথা মনে করতে পারি আমি। আমি হাসির পাশে দাঁড়িয়ে রসিকতা করতাম যে বন্ধু, তোমার তো ব্যাটই করতে হয় না। তোমার কাজটাই সবচেয়ে ভালো। হাসি তখন এসে একটা শেষের ছোঁয়া দিতো। সে রকম ম্যাক্সি এসে যা করতে অভ্যস্থ, সেই শেষের ছোঁয়াটা যখন দেয়, সেটা অসাধারণ একটা ব্যাপার হয়।’