রোনালদো এক ‘নিখুঁত যন্ত্র’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:২০

ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে ‘নিখুঁত যন্ত্রে’ পরিণত করেছেন। কথাগুলো বলেছেন এসি মিলানের কোচ জেনারো গাটুসোর। গতকাল বুধবার রাতে ইতালির সুপারকাপে জুভেন্তাসের মুখোমুখি হওয়ার আগে তিনি এ মন্তব্য করেন। মজার ব্যাপার হলো- খেলাটি অনুষ্ঠিত হয় সৌদি আরবে। বর্তমানে ৩৩ বছর বয়সী রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে ইতালিতে যাওয়ার পর সিরি আতে ভালভাবেই ধাতস্থ হয়েছেন। জুলাইয়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর কালকের খেলাটির আগ পর্যন্ত ২৫ খেলায় ১৫ গোল করেন তিনি। গাটুসুর মতে পর্তুগীজ তারকা আগে ‘অনেক বেশি শোঅফ’ করলেও সাম্প্রতিক বছরগুলোয় নিজেকে অনেক বদলে নিয়েছেন। তিনি খেলাপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি ক্রিশ্চিয়ানো গত সাত-আট বছরে এক দুর্দান্ত খেলোয়াড়ে পরিণত হয়েছেন। সে গোল করতে চায় এবং চায় আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে বল জালে ফেলতে।’