গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকায় রবিবার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি রামদা, সুইচগিয়ার, স্ক্রু ড্রাইভার এবং একটি সেলাই রেঞ্জ উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো—নগরীর বাসন থানার রওশন সড়ক এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া মৃত হাবিবের ছেলে রাসেল ইসলাম , টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ভাড়াটিয়া দেলোয়ার মণ্ডলের ছেলে রাজু মণ্ডল ওরফে সাজু মণ্ডল ও সদর থানার দক্ষিণ সালনা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. রাসেল। গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ সময় তাদের সহযোগী আরো চার/পাঁচ জন পালিয়ে যায়। এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
