স্পোর্টস রিপোর্টার
বন্ধ হয়ে থাকা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলকে আবার শুরু করেছিল বাফুফে। এই টুর্নামেন্টটি নিয়মিত করতে কে-স্পোর্টস নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল। তাদের সঙ্গেই এবার চুক্তি হয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল আয়োজন নিয়ে। টুর্নামেন্টের স্বত্ব বিক্রি করা হয়েছে এই প্রতিষ্ঠানের কাছে। তারা বিদেশি দলগুলোকে ঢাকায় এনে তাদের থাকা খাওয়াসহ যা কিছু প্রয়োজন টুর্নামেন্টের সব কিছুই করবে।
বাফুফে এবং কে-স্পোর্টসের মধ্যে গতকাল দুপুরে চুক্তি স্বাক্ষর হয়েছে। স্বাক্ষর করেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম। কে-স্পোর্টস বাফুফেকে ২৫ লাখ টাকা দিবে। বাফুফে সভাপতি বলেন, ‘প্রতিবছর আমরা এই টুর্নামেন্ট করবো। আমাদের বর্ষপঞ্জিতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থাকবে। এখন যেমন ছেলেদের টুর্নামেন্টে বঙ্গবন্ধু কাপ ফুটবল হয় তেমনি মেয়েদের টুর্নামেন্ট করছি না। আমরা অনূর্ধ্ব-১৯ ফুটবল করছি। এই মেয়েরা যখন ২০, ২১, ২২ বছর বয়সের হবে তখন এরাই মূল জাতীয় দলে খেলবে।’
অপর এক প্রশ্নে বাফুফে সভাপতি বলেন আগামী চার পাঁচ বছরের মধ্যে এই মেয়েরা ভালো একটি জাতীয় দলে পরিণত হবে।
বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলের জন্য ১০টি দেশকে আমন্ত্রণ পাঠিয়েছে বাফুফে। লাগবে ৫টি দেশ। সঙ্গে থাকবে বাংলাদেশ। এই ছয় দেশ নিয়ে বঙ্গবন্ধুৃ স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়ামে হতে পারে টুর্নামেন্ট। তবে ঢাকার বাইরে হওয়ার সুযোগ নেই। কারা আসতে পারে টুর্নামেন্টে এমন প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। সালাহউদ্দিন বলেন, ‘টেবিলে বসে খেলায় জেতার কোনো সুযোগ নেই। খেলতে হবে মাঠে। মেয়েরা না খেললে শিখবে কিভাবে।
কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম এই টুর্নামেন্টে আশাবাদী। যেভাবে সুন্দর আয়োজন করা যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এপ্রিলের শেষ দিকে শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহে শেষ হবে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।
