ঢাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৫১

করোনা ভাইরাসে ঢাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেশে গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। তাদের মধ্যে ২১ জন পুরুষ আর নারী সাত জন। মৃতদের মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম, দুই জন রাজশাহী এবং এক জন সিলেট বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৬ হাজার ৪১৬ জনের মধ্যে ৩ হাজার ৩৯৮ জন ঢাকা বিভাগের, ১ হাজার ২৩৮ জন চট্টগ্রাম, ৩৯১ জন রাজশাহী, ৪৮৮ জন খুলনা, ২১৫ জন বরিশাল, ২৬৩ জন সিলেট, ২৯১ জন রংপুর এবং ১৩২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ২ হাজার ৪১৯ জন নতুন শনাক্ত হওয়ায় দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ১৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।