এএফপি
মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কানাডীয় এক নাগরিককে ক্ষমা করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা সরকার। এই মৃত্যুদণ্ডাদেশ গত মাস থেকে চলমান দুই দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মঙ্গলবার কুইবেকের সাইন্টে হাইয়াসিনথেতে সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতোমধ্যেই কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে স্কালেনবার্গকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছি।’
গত সোমবার চীনের একটি আদালত রবার্ট লয়েড স্কালেনবার্গকে (৩৬) মৃত্যুদণ্ড দেওয়ার পর কানাডা তাদের দেশের নাগরিকদের চীনের স্থানীয় আইনের ‘স্বেচ্ছাচারী প্রয়োগের’ ব্যাপারে সাবধান করে। এর জবাবে বেইজিং বলে, চীন স্বেছাচারীভাবে আইন করে মৃত্যুদণ্ড দিয়েছে বলে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করে ‘দায়িত্বহীনতার’ পরিচয় দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে একই মামলায় লয়েডকে চীনের অন্য একটি আদালত ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল।
গত ডিসেম্বরে চীনা টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াওর প্রতিষ্ঠাতার মেয়ে ও প্রধান অর্থ কর্মকর্তা কানাডায় গ্রেফতার হওয়ার পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। ইরানে মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বহিঃসমর্পণ অনুরোধের প্রেক্ষিতে হুয়াওর শীর্ষ নির্বাহীকে কানাডায় গ্রেফতার করা হয়েছিল।
