বিপজ্জনক, ক্ষতিকর প্র্যাঙ্ক নিষিদ্ধ করছে ইউটিউব

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:৩১

 

বিপজ্জনক কিংবা মানসিকভাবে পীড়াদায়ক বিভিন্ন ‘প্র্যাঙ্ক’ ভিডিও ক্লিপ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। ভিডিও শেয়ারিং এ মাধ্যমে তথাকথিত ‘চ্যালেঞ্জেস’ হিসেবে পরিচিত বিভিন্ন কনটেন্টের ফলে কিছু কিছু ক্ষেত্রে যে মৃত্যু ও আঘাতের ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।

সামপ্রতিক সময়ে নেটফ্লিক্সের বার্ডবক্স নামের একটি শো নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ‘চ্যালেঞ্জের’ আবির্ভাব ঘটেছে, যাতে চোখ বেঁধে ড্রাইভিংসহ বিভিন্ন কাজে উত্সাহিত করা হচ্ছে। ওই চ্যালেঞ্জে অংশ নিয়ে চোখ বেঁধে গাড়ি চালাতে গিয়ে একজন দুর্ঘটনায়ও পড়েছেন। এ ধরনের উপাদানের ‘স্থান নেই ইউটিউবে’, গুগল মালিকানাধীন জনপ্রিয় এ প্ল্যাটফর্মটি এমনটাই বলেছে বলে জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, বিপজ্জনক বা মানসিকভাবে পীড়াদায়ক কনটেন্টকে নিষিদ্ধ করার কথা বললেও ঝুঁকিপূর্ণ কন্টেন্ট বিষয়ে ইউটিউব এখন পর্যন্ত তার বিদ্যমান নিয়ম বাস্তবায়নেই অনেকটাই ব্যর্থ হয়েছে। এ ভিডিও শেয়ারিং মাধ্যম গত বছরের এপ্রিলে তাদের প্ল্যাটফর্ম থেকে এ ধরনের কনটেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল। ইউটিউব বলেছে, ‘নিপীড়নকে উত্সাহিত করে এমন বিষয়বস্তু সরিয়ে নেওয়ার হালনাগাদ নীতি বাস্তবায়ন করতে একাগ্রভাবে কাজ করছি আমরা।’ কিন্তু প্র্যাঙ্ক ভিডিও নিয়ে নতুন নীতি বাস্তবায়নে ইউটিউব আরও জটিলতায় পড়বে বলে ধারণা পর্যবেক্ষকদের। কোন কনটেন্টটি ‘ক্ষতিকারক’, কোনটি নয়, তা চিহ্নিত করা সহজ হবে না বলেও মন্তব্য তাদের।