অনলাইন তথ্যভাণ্ডার নিশ্চিত করবে ‘এসডিজি ট্র্যাকার’

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি তদারকিতে ব্যবহার করা হবে ‘এসডিজি ট্র্যাকার’। তথ্যনির্ভর অনলাইন তথ্যভাণ্ডার নিশ্চিত করতে এসডিজি ট্র্যাকার তৈরি করা হয়েছে। এসডিজির অগ্রগতির তথ্য-উপাত্ত দৃশ্যমান করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এই ট্র্যাকার তৈরি করেছে। এটুআই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) যৌথভাবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে এসডিজি বাস্তবায়ন ও এসডিজি ট্র্যাকারের ব্যবহার নিশ্চিত করবে। গতকাল বুধবার পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে এসডিজি ট্র্যাকার বিষয়ক এক পরামর্শক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। এটুআই ও বিবিএস যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রধান সুদীপ্ত মুখার্জ্জী, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন ও এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় জানানো হয়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০টি উদ্যোগ সফলভবে বাস্তবায়ন করা গেলে এসডিজির অনেক কিছুই অর্জন হবে। আবুল কালাম আজাদ বলেন, এসডিজির লক্ষ্য অর্জনে অন্যতম নিয়ামক হচ্ছে তথ্য-উপাত্ত নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং প্রাধিকারভিত্তিক সম্পদের বরাদ্দ। একটি কার্যকর, তথ্যনির্ভর, বহুল ব্যবহূত ও সমন্বিত এসডিজি পরিবীক্ষণ কাঠামো তৈরি করবে এসডিজি ট্রাকার।