৯৬ বছরেও বিধবা ভাতার কার্ড না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন মমেনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:০০

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

এডা কার্ডের জন্য মেম্বার-চেয়ারম্যানদের কইলাম। কেউ আমারে এডা কার্ড করে দিলো না। আর কয়দিন পর তো মইরে যামু। আপনারাই কন আর কত বয়স অইলে আমার কার্ড অইবো?

সম্প্রতি সরেজমিনে বৃদ্ধা মমেনার কাছে গেলে কথাগুলো বলেন তিনি (৯৬)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের ভটপুর গ্রামের মৃত মজিবর আলীর স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে। মমেনা থাকেন ছেলের সাথে একটি ঝুপড়ি ঘরে। এটিও অন্যের জমিতে। হতদরিদ্র এ বৃদ্ধা আগে আশ-পাশের বাড়িতে ভিক্ষে করে জীবিকা নির্বাহ করতেন। এখন আর হাঁটা-চলা করতে পারেন না। কেউ খাবার দিলে খায়। না দিলে থাকে উপোষ।

এ ব্যাপারে কথা হয় ওই বৃদ্ধার ছেলে সুরুজ মিয়ার সাথে। তিনি বলেন, আমার বয়স প্রায় ৭০ বছর। আমি নিজেও অসুখে ভুগছি। আগে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। এখন তাও করতে পারি না।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য লুত্ফর রহমান বলেন, তারা আমার কাছে এসেছিল। তাদের দুরবস্থা দেখে আমি তার নাম তালিকা করে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়েছিলাম। কিন্তু এখন জানতে পারলাম তালিকায় তার নাম নেই।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা সরকার নাছিমা আকতার বলেন, আমি তার নাম লিখে নিলাম। তার নাম কার্ডের তালিকা অন্তর্ভুক্তির জন্যে গুরুত্বের সাথে দেখা হবে।