জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বেজে উঠেছে উপজেলা নির্বাচনের ডামাডোল। জীবননগর উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। তবে নির্বাচনী মাঠে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ছাড়া অন্যকোনো দলের প্রার্থীদের দেখা যাচ্ছে না। বিএনপি ও জামায়াতে ইসলামী উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না বলে জানিয়েছে। আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রচারণায় নেমেছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ হতে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরা হলেন— বর্তমান উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মোঃ আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান দলের চুয়াডাঙ্গা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাবেক উপজেলা আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন— উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ইশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুল আলম ও জেলা পরিষদ সদস্য মোসাবুল ইসলাম লিটন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ২ জনের প্রার্থী হওয়ার সংবাদ পাওয়া গেছে। এরা হচ্ছেন— বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেনুকা আক্তার রিতা।
বিএনপি ও জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনে তারা কোনো প্রার্থী দিচ্ছেন না। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন হতে নেয়া তিক্ত অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে। তবে শেষপর্যন্ত কেন্দ্র হতে যে সিদ্ধান্ত জানানো হবে তারই আলোকে ব্যবস্থা নেয়া হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
