তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে কৃষকদের আগ্রহ বাড়ছে শীতকালীন সবজি চাষে। গতবছরের তুলনায় এবার অধিক জমিতে এ চাষাবাদের সফলতায় খুশি কৃষক। তবে আশানুরূপ দাম না পাওয়ায় তাদের মধ্যে সংশয় রয়েছে। উপজেলার ঐচারচর গ্রামের কৃষক মানিক মিয়া জানান, আমাদের এলাকায় আগে তেমন সবজি চাষে আগ্রহ ছিল না। তবে সরকারি কর্মকর্তাদের আগ্রহ ও তাদের সেবার কারণে অনেকে এ সবজি চাষে আগ্রহী হয়েছে। এবার আমি চার বিঘা জমিতে সবজি চাষ করেছি। আমার যাবতীয় খরচ বাদ দিয়ে লাভবান হওয়ায় আমি আগামীতে সবজি চাষে জমির পরিমাণ বাড়ানোর চিন্তা করছি। কালাইগোবিন্দপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ জানান, মাঠ ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি হওয়ায় সবজি আবাদে ঝুঁকছে কৃষক। বিশেষ করে আগাম শীতকালীন সবজি আবাদে উদ্বুদ্ধ করায় কৃষক অধিক লাভবান হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান মিতু বলেন, যদিও এলাকাটি শীতকালীন সবজি চাষের আওতায় ছিল না। কিন্তু সঠিক পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় তারা ক্রমশ শীতকালীন সবজি চাষে আগ্রহী হচ্ছে। এক্ষেত্রে সরকারও বিভিন্নভাবে কৃষকদের ভর্তুকি দিয়ে আসছে। শীতকালীন সবজি চাষ আগামীতে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
