বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস ‘প্রাঙ্গণেমোর’। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করেছে—এ কথা আজ বাংলাদেশের নাট্যাঙ্গনে স্বীকৃত সত্য। এবার রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় প্রাঙ্গণেমোর নাট্যদল মঞ্চে নিয়ে এসেছে রবীন্দ্রনাথকে নিয়ে নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে। আমি ও রবীন্দ্রনাথ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন। সংগীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন।
