মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘প্রিয় কমলা’য় আজান

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৫১

ফ য় জু ল  আ ল  আ মী ন

শিশুশিল্পী রাইয়ান হোসাইন আজান। এরইমধ্যে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘প্রিয় কমলা’য় শিশুশিল্পী হিসেবে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্পে ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়ে গ্রামের আনাচে কানাচে বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখা যায় তাকে। মুক্তিযোদ্ধাদের অনুরোধ করে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আজান। যুদ্ধে দেশের জন্য শহীদ হয় শিশুটি। চলচ্চিত্রে আজানের বাবা চরিত্রে রয়েছেন অভিনেতা সোহেল খান। এছাড়াও নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং  নায়ক বাপ্পি চৌধুরী। ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ কিভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল তারই বহিঃপ্রকাশ আজানের এই চরিত্রটি। বড়পর্দায় এটিই আজানের প্রথম কাজ। এর আগে আজান নাটক ‘চুপ’, ‘বি এ্যালার্ট’, ‘অমর একুশে’ সহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছে।

চলচ্চিত্রে অভিনয় বিষয়ে জানতে চাইলে আজান জানায়, ‘এই সিনেমায় প্রধান সহকারী পরিচালক আমার বাবা নাট্যকার ও পরিচালক হোসাইন মোহাম্মদ বেলাল সেটে উপস্থিত থাকায় অভিনয় করতে আমার অনেক ভালো লেগেছে। বাবা আমাকে প্রত্যেকটি দৃশ্যের আগে অনেক যত্ন করে দৃশ্যটি বুঝিয়ে দিয়েছেন বলে আমার কোনো সমস্যা হয়নি।’ শিশুশিল্পী আজানের অভিনয় প্রসঙ্গে পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘এই চলচ্চিত্রে আজানের অসাধারণ অভিনয় দর্শকদের হূদয় ছুঁয়ে যাবে। সিনেমাটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে।’