রে জা উ ল ক রি ম খো ক ন
করোনা মহামারির ভয়াবহ সময়ে গত মে মাসে নেটফ্লিক্সে মুক্তি পায় ক্রাইম থ্রিলার ধাঁচের ‘মিসেস সিরিয়াল কিলার’। এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। নেটফ্লিক্সে দুই ছবিতে জ্যাকুলিনের উপস্থিতি দর্শকমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। যদিও নিজের আকর্ষণীয় ইমেজে গ্ল্যামারাস রোলে আবেদনময় রূপ নিয়ে দুটি ছবিতেই উপস্থিত হয়েছিলেন শ্রীলংকার সুন্দরী এই বলিউড অভিনেত্রী। এর বাইরে দুটি মিউজিক ভিডিওতে দেখা গেছে জ্যাকুলিনকে। এর মধ্যে ‘গেন্দাফুল’ মিউজিক ভিডিও নিয়ে অনেক আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন তিনি। করোনা মহামারিতে লকডাউন চলাকালীন বলিউড সুপারস্টার সালমান খানের নতুন একটি মিউজিক ভিডিও ‘তেরে বিনা’তেও দেখা গেছে তাকে। মজার বিষয় হলো ‘তেরে বিনা’ গানটি গেয়েছেন সালমান নিজেই। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন এবং পাশাপাশি নির্দেশনা দিয়েছেনও তিনি। করোনায় লকডাউন চলাকালে সালমান তার পরিবারের লোকজনসহ পানভেলেতে নিজস্ব ফার্ম হাউজে চলে গিয়েছিলেন। একটানা কয়েক মাস তারা সেখানে অবস্থান করেছেন। জ্যাকুলিন ফার্নান্দেজও তখন সালমানের পানভেল ফার্ম হাউজে অবস্থান করেছেন। সেই সময়েই সালমান জ্যাকুলিনকে সঙ্গে নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। এর আগে ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে নায়িকা হয়েছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। সেই থেকে দুজনের মধ্যে চমত্কার সখ্যতা গড়ে ওঠেছে। ‘তেরে বিনা’ মিউজিক ভিডিওতে সালমানের সঙ্গে রোমান্টিক জুটি হিসেবে জ্যাকুলিনকে দেখা গেছে। করোনার কারণে সৃষ্ট লকডাউনের সময়ে নিজেকে সব কাজকর্ম থেকে গুটিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তবে গত কিছুদিন আগে আবার গা ঝাড়া দিয়ে ওঠেছেন তিনি। এখন তিনি নির্মাণাধীন হরর কমেডি সিনেমা ‘ভুত পুলিশ’-এর শুটিং করছেন। এ ছবিতে তার সঙ্গে আরও আছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর এবং ইয়ামি গৌতম। করোনা শুরু হওয়ার আগে জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ ছবির কাজ শুরু করেছিলেন, কিন্তু লকডাউনের কারণে এ ছবির শুটিং মাঝপথে থেমে যায়। খুব শিগগিরই আবার ‘অ্যাটাক’ ছবির কাজ শুরু করবেন জ্যাকুলিন। ৩৫ বছর বয়সী গ্ল্যামারাস এই অভিনেত্রী রোহিত শেঠির নতুন সিনেমা ‘সার্কাস’-এর শুটিংও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। এ ছবিতে তার নায়ক রণবীর সিং। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘কমেডি অব এরর’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। সালমানের খানের সঙ্গে ‘কিক টু’ ছবির কাজ শুরুর আয়োজন চলছে বর্তমানে। ২০১৮ সালে অভিনয়ের ব্যস্ততা কমিয়ে আমেরিকার লস এঞ্জেলসে অভিনয়ের কোর্স করতে যান বলিউডের আবেদনময়ী ইমেজের এই অভিনেত্রী। সেখান থেকে ফিরে জন আব্রাহামের ‘অ্যাটাক’ ছবিতে চুক্তি হন এবং কাজ শুরু করেন। এর মধ্যে শুরু হয়ে যায় করোনা মহামারির ভয়াবহতা প্রকোপ। টানা কয়েকমাস বিরতির পর আবার অভিনয়ের ব্যস্ততায় ফিরে দারুণ উচ্ছ্বসিত জ্যাকুলিন।
