আহত সাত
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
দেলদুয়ারে সেচ পাম্পের মালিকানা নিয়ে গতকাল বুধবার আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের নাম বাদল মিয়া (৪০)।
এলাকাবাসী জানায়, দেলদুয়ারের টেরিয়াঘোনা গ্রামের মনির উদ্দিন একটি পাম্প বসিয়ে সেচ কার্য পরিচালনা করতেন। তার মৃত্যুর পর পাঁচ ছেলে সেটির মালিকানা পায়। কিন্তু গত বছর থেকে মনির উদ্দিনের বড় ছেলে তারা মিয়া অপর ভাইদের পাম্পের ভাগ দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে বুধবার সকালে উভয় পক্ষ সালিশ মীমাংসায় বসেন। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ফলার আঘাতে বাদল মিয়া মারাত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, মনির, দয়াল মিয়া, সমেজ, মনির উদ্দিন, ইব্রাহীম, আয়নাল হক আনু ও সূর্য্য মিয়া। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভুঁইয়া বলেন, সেচ পাম্পের মালিকানা নিয়ে আপন ভাইদের মধ্যে সংঘর্ষে বাদল মিয়া মারা গেছেন এবং উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।
