নালিতাবাড়ী উপজেলার শহরতলি পশ্চিম কাপাসিয়া গ্রামে শামছুল হক সরকার নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের লোকের অভিযোগ, প্রতিবেশী আব্দুস সালামের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর আব্দুস সালামসহ তার বাড়ির সব লোক গা ঢাকা দিয়েছে।
গতকাল বুধবার দুপুরে নিজ ঘরের মেঝে থেকে ঐ বৃদ্ধের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। নিহতের আত্মীয় ও পুলিশ জানায়, শামছুল হক সরকার (৮২) নিজ ঘরে একাই থাকতেন। তার স্ত্রী-সন্তানেরা ঢাকায় পোশাক কারখানায় কাজ করে। বুধবার দুপুরে বৃদ্ধের মেয়ে জামাই এনায়েত তার প্রতিবেশী হাসানকে (২৫) দিয়ে শ্বশুরের জন্য দুধ পাঠায়। হাসান বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে বৃদ্ধ শামছুল হকের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। তার চিত্কার শুনে আশপাশের লোক ছুটে আসে।
