পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে মঙ্গলবার রাতে ২শ টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহিম (৪৩)। বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রহিম উপজেলা সদরের কালুগাড়ী গ্রামের খোকা মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, প্রতিবেশী জুয়েল ও আনারুলসহ রহিম ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে রিকশা চালাতো। ওই ঘর ভাড়ার ২শ টাকা নিয়ে জুয়েল ও আনারুলের সঙ্গে রহিমের বিরোধ চলছিল। ঘটনার রাতে আনারুল ও জুয়েল দুই তিনজনকে নিয়ে তাদের বাড়িতে এসে বাকবিতণ্ডার একপর্যায়ে রহিমকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। বাধা দিলে রাশিদাকেও মারপিট করে। পরে প্রতিবেশীরা রাশিদাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও রহিম নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় রহিমের মৃত্যু হয় বলে জানান তিনি।
পলাশবাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
