সার ও জ্বালানি তেল আমদানিসহ ৩ হাজার ৮৩২ কোটি ২৬ লাখ টাকার ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
অনুমোদিত ক্রয় প্রস্তাব অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি-জুনের মধ্যে গ্যাস ওয়েল (ডিজেল) জেট এ-১, ফার্নেস অয়েল, মোগ্যাস (অকটেন) ও মেরিন ফুয়েল আমদানির ক্রয় যাতে সবচেয়ে বেশি ব্যয় হবে। এর পরিমাণ ৩ হাজার ৫৮৩ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ২০২০-২০২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) কাছ থেকে ৬৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মধ্যে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার সার, সৌদি আরবের সাবিক থেকে অষ্টম লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি, কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (মুনতাজাত) কাছ থেকে ষষ্ঠ লটে ২৫ হাজার মেট্রিকটন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) প্রকল্পের একটি প্যাকেজের লট-১ এর আওতায় কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়, ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্রয় এবং ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইবতেদায়ি ও দাখিল স্তরের জন্য কাগজসহ ৪ লাখ ৬৫ হাজার ৫৩৫ কপি বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব কমিটি অনুমোদন দিয়েছে।
এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
